২০২৬ বিশ্বকাপে গরমের তাপ থেকে খেলোয়াড়দের সুরক্ষায় হাইড্রেশন ব্রেক বাধ্যতামূলক।
ফিফা জানিয়েছে, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে দুই অর্ধে হাইড্রেশন ব্রেক নেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি হাফে ২২ মিনিটে রেফারি খেলা থামিয়ে তিন মিনিটের জন্য খেলোয়াড়দের পানি পান ও শরীর ঠান্ডা করার সুযোগ দেবেন।
বিশ্বকাপের আয়োজন হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে, যেখানে জুন-জুলাই মাসে তীব্র তাপ,দাবানল এবং ঘূর্ণিঝড়ের ঝুঁকি রয়েছে। ফিফা বলেছে, আবহাওয়া যেকোনো রকম হোক, এই নিয়ম সব ম্যাচে সমানভাবে কার্যকর থাকবে।
পরিবেশবাদী সংস্থা ফুটবল ফর দ্য ফিউচার ও কমন গোলের ‘পিচেস ইন পেরিল’ প্রতিবেদনে বলা হয়েছে, ১৬টি ভেন্যুর মধ্যে ১০টি অঞ্চলে তাপমাত্রার কারণে উচ্চ ঝুঁকি রয়েছে। গত ক্লাব বিশ্বকাপে গরমের কারণে খেলোয়াড় ও কোচদের অভিজ্ঞতা বিবেচনা করে ফিফা এই ব্যবস্থা নেওয়া। চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ তখন খেলতে গিয়ে নিজেকে মাথা ঘোরার মতো অনুভব করেছিলেন। ইংল্যান্ডের কোচ থমাস টুখেলও বলেছেন, অতিরিক্ত গরমের সময় প্রয়োজনে বদলি খেলোয়াড়দের ড্রেসিংরুমে রাখার কথা ভাবা হতে পারে।
ফিফার প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানোলো সুবিরিয়া জানিয়েছেন, আগের কুলিং ব্রেকের তুলনায় এই হাইড্রেশন ব্রেক আরও সহজ এবং কার্যকর হবে। আগে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে কেবলই ব্রেক বাধ্যতামূলক হতো। এবার হুইসেল থেকে হুইসেল পর্যন্ত নির্ধারিত সময়ে সব ম্যাচেই এই সুযোগ থাকবে। ইনজুরির কারণে খেলা যদি বন্ধ থাকে, রেফারি তা অবিলম্বে বিবেচনা করবেন।
বিশ্বকাপের অতিরিক্ত তাপমাত্রার বিষয়টি মাথায় রেখে ১৩টি ভিন্ন কিক-অফ সময়ও নির্ধারণ করা হয়েছে।
মতামত দিন