খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে তানজিদের বিশ্বরেকর্ড।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম টেস্ট–ভেন্যুতে মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে এক অনন্য অর্জন ছুঁয়ে ফেলেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। ইনিংসের শেষ পাঁচ উইকেট—সব কটির ক্যাচ এসেছে তার হাত দিয়ে।

ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে এই প্রথম কোনো ফিল্ডারের পাঁচ ক্যাচের নজির সৃষ্টি হলো বাংলাদেশের তরুণ ব্যাটারের নৈপুণ্যে।

বিশ্ব ক্রিকেটে এই রেকর্ড আগে ছিল মাত্র দুইজনের দখলে—মালদ্বীপের ওয়াদাগে মালিন্দা ও সুইডেনের সেদিক সাহাক। কাতারে ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইয়ে মালিন্দা প্রথম এই কীর্তি স্পর্শ করেন। ২০২৫ সালে আইল অব ম্যান সফরে সাহাকও পাঁচ ক্যাচ তুলে নেন। সেই বিরল তালিকার তৃতীয় সদস্য হিসেবে আজ যুক্ত হলেন তানজিদ।

ম্যাচের ১৬তম ওভারে রিশাদ হোসেনের বলে গ্যারেথ ডেলানিকে আউট করার মধ্য দিয়ে তানজিদের যাত্রা শুরু। এরপর মোস্তাফিজুর রহমানের ওভারে মার্ক অ্যাডাইর দু’বার তার শিকার হন। জর্জ ডকরেলকে তিনি ধরেন ১৯তম ওভারে, আর বেন হোয়াইটের ক্যাচ নিয়ে নিজের পঞ্চমটি পূরণ করেন শেষ ওভারে। পাঁচটির মধ্যে চারটিই এসেছে লং অন অঞ্চলে, প্রথমটি পয়েন্টের পেছনে।

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে কোনো ফিল্ডার এত ক্যাচ নেওয়ার নজির এর আগে ছিল না—তিনটিতেই সীমাবদ্ধ ছিল রেকর্ড। সব সংস্করণ মিলিয়েও ইনিংসে পাঁচ ক্যাচ নেওয়া দ্বিতীয় বাংলাদেশি এখন তানজিদ; ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে একই কীর্তি গড়েছিলেন ইমরুল কায়েস।

উইকেটকিপার ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসে সর্বোচ্চ পাঁচ ক্যাচের যে রেকর্ড, সেখানে আছেন মোট ২১ জন। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথই একমাত্র ক্রিকেটার, যিনি দুইবার এই পারফরম্যান্স দেখিয়েছেন।

মতামত দিন