খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

সাকিবের শেয়ারবাজার কারসাজির মামলার তদন্ত শেষ করতে সময় বেঁধে দিল আদালত।

নিজেস্ব প্রতিবেদক:

শেয়ারবাজারে অনিয়ম ও অর্থপাচারের অভিযোগে আলোচিত মামলাটির তদন্ত এখনও শেষ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে সংস্থাটিকে আরও সময় দিয়ে আগামী ৩ মার্চ পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

বুধবার (২৬ নভেম্বর) নির্ধারিত তারিখে কোনো অগ্রগতি প্রতিবেদন না পেয়ে জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ নতুন দিন ঠিক করেন।

এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান। তার সঙ্গে তার মা শিরিন আক্তারসহ মোট ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ—সমবায়ভিত্তিক বিনিয়োগ প্রকল্পের আড়ালে সাধারণ মানুষের টাকা ব্যবহার করে কারসাজি করা এবং অর্থ লোপাট করে অন্য খাতে সরিয়ে ফেলা।

তদন্তের স্বার্থে দুদক ইতোমধ্যে বিদেশে থাকা সাকিবকে সংস্থার কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে বলেছিল। তবে তিনি এখনো হাজির হননি বলে জানানো হয়েছে।

মামলায় অন্য যাদের নাম আছে তারা হলেন—সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

মামলাটি দুদক সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন দায়ের করেছিলেন গত ১৭ মে। এরপর গত ১৬ জুন আদালত সাকিবের দেশে ফিরতে বা দেশ ছাড়তে না পারার নির্দেশ (ট্রাভেল ব্যান) জারি করে।

মতামত দিন