খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

আফ্রিকার মাটিতে এক ম্যাচের জন্য আর্জেন্টিনা পাচ্ছে ১৪৬ কোটি টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে আফ্রিকার মাটিতে নামছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায় আর্জেন্টিনা এবং অ্যাঙ্গোলার মধ্যে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ, যা মেসিদের জন্য বছরের শেষ আন্তর্জাতিক খেলা।

বিশ্বকাপের আগে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলা নিয়ে ইতিমধ্যেই ফুটবল বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন। তবে আর্থিক দিক থেকে আর্জেন্টিনার জন্য ম্যাচটি লাভজনক। আফ্রিকার গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্বাগতিক অ্যাঙ্গোলা আর্জেন্টিনাকে এই ম্যাচের জন্য প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলার (~১৪৬ কোটি টাকা) প্রদান করবে।

ফরাসি সাংবাদিক রোম্যাঁ মোলিনা জানিয়েছেন, অ্যাঙ্গোলার স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে নভেম্বরে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে দেশটি। লুয়ান্ডার ৪৮ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়াম পুরোপুরি দর্শক পূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।

ফিফা র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা বর্তমানে ২ নম্বরে, যেখানে অ্যাঙ্গোলা অবস্থান করছে ৮৯তম স্থানে। ফলে এই প্রীতি ম্যাচটি আর্জেন্টিনার জন্য আর্থিকভাবে লাভজনক হলেও অ্যাঙ্গোলার জন্য মর্যাদাপূর্ণ ফুটবল উৎসবে পরিণত হতে চলেছে।

মতামত দিন