পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক করলেন রোনালদোর ছেলে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে, রোনালদো জুনিয়র পর্তুগালের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে প্রথমবারের মতো মাঠে নামলেন। ১৫ বছর বয়সী এই উইঙ্গার তুরস্কের বিপক্ষে ফেডারেশনস কাপে বদলি হিসেবে খেলেন, তবে পুরো ম্যাচটি খেলতে পারেননি।
পর্তুগাল দল ম্যাচে ২-০ গোলে জয়ী হয়, যেখানে গোল করেছেন স্পোর্টিং লিসবনের স্যামুয়েল তাভারেস ও এসসি ব্রাগার রাফায়েল কাব্রাল। রোনালদো জুনিয়রকে জাতীয় দলে অভিষেক করানো হলেও মূল লক্ষ্য ছিল দলকে সমর্থন দেওয়া ও অভিজ্ঞতা অর্জন।
‘ক্রিশ্চিয়ানিহো’ হিসেবে পরিচিত এই কিশোরের আগে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে তার প্রথম জাতীয় জার্সি ছিল, যেখানে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গোল করে নজর কাড়েন।
ছোটবেলা থেকেই ফুটবল মাঠে তার খেলার ছবি ও ভিডিও ছড়িয়ে আসছে সামাজিকমাধ্যমে। বর্তমানে রোনালদো জুনিয়র সৌদি প্রো লিগের আল নাসের একাডেমিতে ক্লাব ফুটবল খেলছেন এবং বাবার পথ ধরে তার ক্যারিয়ার গড়ার চেষ্টা চালাচ্ছেন।
মতামত দিন