টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি। ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে প্রথম ম্যাচে জয় হাতছাড়া হয়েছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূচনা ভালো হলেও মধ্যভাগে ব্যাটাররা খেই হারায়। পাওয়ার প্লেতে ৪ উইকেট দ্রুত হারিয়ে টাইগারদের জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৪৯ রানেই থামে বাংলাদেশ, ১৬ রানে হারে।
ম্যাচ শেষে তানজিম হাসান সাকিব উল্লেখ করেছিলেন, “আর ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই।” এবার দলকে মানসিক চাপ দূর করে মাঠে নামতে হবে। বিশেষ করে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের দায়িত্ব বেড়ে যায়। তাই শুরুতেই ব্যাটারদের ভালো ইনিংস খেলা জরুরি।
অধিনায়ক লিটন দাসও প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে সেরাটা করার আশা ব্যক্ত করেছেন। দলের লক্ষ্য এবার আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে দাঁড়ানো।
বাংলাদেশের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। বিশ্বকাপের আগে আরও পাঁচটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে, যা দলের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে ২০ বার। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজের জয় ১০টিতে এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
মতামত দিন