খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি, শরীর ও ফিটনেস যদি সাড়া দেয়।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের মনে বারবার জাগছে এক প্রশ্ন—লিওনেল মেসিকে কি আবারও দেখা যাবে ফুটবলের মহাযজ্ঞে? এতদিন এই প্রশ্নের জবাব ঘুরিয়ে ফিরিয়ে এলেও, অবশেষে নিজ মুখে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন বিশ্বকাপজয়ী এই তারকা।

মেসির কথায় এবার স্পষ্ট ইঙ্গিত—সব কিছু অনুকূলে থাকলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরে খেলতে দেখা যেতে পারে তাঁকে।

তবে শর্ত একটাই—শরীর ও ফিটনেস যদি সাড়া দেয়।

এক সাক্ষাৎকারে মেসি বলেন, “বিশ্বকাপ এমন এক অভিজ্ঞতা, যার তুলনা নেই। আমি অবশ্যই আবারও সেখানে থাকতে চাই। তবে শারীরিকভাবে শতভাগ প্রস্তুত থাকতে হবে। আমি চাই, যদি খেলি, তাহলে যেন দলের সাফল্যে সত্যিকারের ভূমিকা রাখতে পারি।”

আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক-মৌসুম অনুশীলন শুরুর পর নিজের শারীরিক অবস্থা যাচাই করবেন বলে জানান আর্জেন্টাইন অধিনায়ক। “প্রতিদিন নিজেকে পর্যবেক্ষণ করব—দেখব, আমি কতটা ফিট আছি। আমার ভেতরে এখনো একই রকম উদ্দীপনা আছে। জাতীয় দলের হয়ে আবারও বিশ্বকাপ জেতার সুযোগ পাওয়া সত্যিই দারুণ হবে,” যোগ করেন তিনি।

বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) গোল্ডেন বুট জয়ের পাশাপাশি এমভিপি পুরস্কারের ফাইনাল তালিকায়ও আছেন তিনি। এখন তাঁর সব মনোযোগ ক্লাবকে এমএলএস কাপ জেতানোয়, যেখানে আগামী ২ নভেম্বর প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে মায়ামি।

আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার জার্সিতে ১৯৫ ম্যাচে রেকর্ড ১১৪ গোল করেছেন লিওনেল মেসি। আগামী বছর যদি বিশ্বকাপের মঞ্চে নামেন, তবে সেটি হবে তাঁর ষষ্ঠ বিশ্বকাপ—যা ফুটবল ইতিহাসে আরেক নজির হয়ে থাকবে।

মতামত দিন