১৫ মিনিটের ফাইনাল’ দেখতে দর্শকদের গুনতে হবে না কোনো টাকা।
আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচের বাকি ১৫ মিনিটের খেলা ও চ্যাম্পিয়ন উদ্যাপন দেখতে স্টেডিয়ামে প্রবেশে লাগবে না কোনো টিকিট। সেদিন দর্শকদের জন্য পুরোপুরি উন্মুক্ত থাকবে স্টেডিয়ামে দরজা।
এর আগে, গত মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচটি দেখতে হলে দর্শকদের টিকিট কিনেই মাঠে প্রবেশ করতে হয়েছিল।
প্রসঙ্গত, ওইদিন বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ফাইনাল ম্যাচটি আলোকস্বল্পতার কারণে অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে এসে বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি সায়মন হাসান। তখন ম্যাচটি ১–১ গোলে সমতায় ছিল।
স্থগিত হওয়া ম্যাচটির বাকি অংশ আগামী ২৯ এপ্রিল, একই ভেন্যুতে—রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে—বেলা সাড়ে তিনটায় শুরু হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বাফুফে ভবনে লিগ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই টিকিট ছাড়া দর্শকদের প্রবেশ নিশ্চিত করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
জাকির হোসেন বলেন, “এই ১৫ মিনিটের খেলা দেখতে দর্শকদের আর কোনো টিকিট কাটতে হবে না। যেহেতু তারা সম্পূর্ণ ম্যাচ উপভোগ করতে পারেননি, তাই বাকি অংশ সবার জন্য উন্মুক্ত রাখা হবে। তাঁরা বিনা মূল্যে মাঠে প্রবেশ করে ম্যাচ দেখতে পারবেন।”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল অনুষ্ঠিত ম্যাচটি শুরু হলেও ঝড়বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে খেলা। পরে খেলা আবার শুরু হলে অতিরিক্ত সময়ে কিংসের ফয়সাল আহমেদ লাল কার্ড দেখেন এবং দলটি ১০ জনের দলে পরিণত হয়। এর কিছুক্ষণ পর সূর্যাস্তের কারণে মাঠে আলোকস্বল্পতা দেখা দেয়, যার ফলে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।
ফেডারেশন কাপের বিধিমালা অনুযায়ী (বাইলজ ৭.১ ধারা), মাঠ অনুপযুক্ত হলে কিংবা প্রাকৃতিক দুর্যোগ বা আলোর ঘাটতির মতো পরিস্থিতিতে রেফারি খেলা স্থগিত বা পরিত্যক্ত ঘোষণা করতে পারেন। নিয়ম অনুযায়ী, যেখানে খেলা থেমেছিল, সেখান থেকেই আবার বাকি অংশ শুরু হবে।

মতামত দিন