খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

শাস্তির সিদ্ধান্তেই অনড় বিসিবি, থাকছেন সৈকতও।

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে চাকরি ছাড়ার গুঞ্জন ওঠে সম্প্রতি। জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি কমানো নিয়ে সৃষ্ট বিতর্কে তিনি চরম ক্ষুব্ধ হন এবং অপমানবোধ থেকে ঘরোয়া ক্রিকেটে আর দায়িত্ব না নেয়ার সিদ্ধান্তও নেন।

এই প্রেক্ষাপটে বুধবার (২৩ এপ্রিল) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সৈকতের সঙ্গে বৈঠকে বসেন। পরে দেশের একটি গণমাধ্যমকে তিনি জানান, তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সৈকত ঘরোয়া ক্রিকেটে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

একইসঙ্গে ধারণা করা হচ্ছে, তাওহিদ হৃদয়কে দেওয়া শাস্তিও বহাল থাকছে। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোয় হৃদয়কে ডিপিএলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। আবাহনী-মোহামেডান ম্যাচে বিসিবির আচরণবিধির ২.৭ ও ২.৮ ধারা ভাঙার অভিযোগে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়, যা পরবর্তীতে এক ম্যাচে নামিয়ে আনা হয়।

মতামত দিন