অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টেবিলের তিনে ম্যানচেস্টার সিটি।
শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এক দারুণ লড়াইয়ের পর জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল অ্যাস্টন ভিলার। তবে মার্কাস রাশফোর্ডের নেয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসে। পাল্টা আক্রমণে ম্যাচের সপ্তম মিনিটে বার্নার্দো সিলভার দুর্দান্ত গোলের মাধ্যমে লিড নেয় সিটি। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ১৮ মিনিটে সফল স্পটকিক থেকে গোল করে ভিলাকে সমতায় ফেরান রাশফোর্ড।
৮২তম মিনিটে মার্মাউশের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে গেলে আবারও পিছিয়ে পড়ে সিটি। তবে শেষ মুহূর্তে ম্যাচের যোগ করা সময়ে পর্তুগিজ মিডফিল্ডার নুনেস গোল করে নিশ্চিত করেন স্বাগতিকদের জয়।
এই জয়ে ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট সংগ্রহ করে প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।

মতামত দিন