খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করলো বাংলাদেশ নারী ক্রিকেটদল।

নিঃসন্দেহে চমৎকার একটি পারফরম্যান্সের ফসল—নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ নারী দলের জায়গা নিশ্চিত করা। সূক্ষ্ম ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এই সাফল্য অর্জন করেছে টাইগ্রেসরা।

বাছাইপর্বে প্রথম তিন ম্যাচে দারুণ জয় এবং শেষ দুই ম্যাচে হার—এই মিশ্র ফলাফল সত্ত্বেও শুরু থেকেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছিল বাংলাদেশ। আর সেই ধারাবাহিকতার প্রতিফলন দেখা যাচ্ছে আইসিসির সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়েও।

মঙ্গলবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত নারী ক্রিকেটের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশ দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের। ব্যাটিংয়ে ক্যারিয়ার-সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছেন শারমিন আক্তার, রিতু মনি এবং পেসার মারুফা আক্তার। বোলিং বিভাগেও চমক দেখিয়েছেন নাহিদা আক্তার, রাবেয়া খান এবং মারুফা—তিনজনই নিজেদের ক্যারিয়ারে সেরা অবস্থানে পৌঁছেছেন।

বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে নাহিদা আক্তার ছিলেন অত্যন্ত উজ্জ্বল। বিশেষ করে বোলিংয়ে ৪ উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে এখন তিনি দশম অবস্থানে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬১৮—যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। রাবেয়া খান বাছাইপর্বে ৬ উইকেট শিকার করে র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ২২ নম্বরে। ৫১২ রেটিং পয়েন্ট নিয়ে তিনিও রয়েছেন ক্যারিয়ারসেরা অবস্থানে। অন্যদিকে, লেগ স্পিনার ফাহিমা খাতুন দুই ধাপ এগিয়ে এখন ৪৬ নম্বরে অবস্থান করছেন।

উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তরুণ পেসার মারুফা আক্তারের ক্ষেত্রেও। বোলিংয়ে ১১ ধাপ এগিয়ে তিনি এখন ৪৯তম স্থানে এবং তার রেটিং পয়েন্ট ৩৯২—ক্যারিয়ারসর্বোচ্চ। ব্যাটিংয়েও উন্নতি হয়েছে তার; ছয় ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ৮৫ নম্বরে।

ব্যাটিং বিভাগে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন শারমিন আক্তার। তিনি আট ধাপ এগিয়ে এখন ২১তম স্থানে এবং তার রেটিং পয়েন্ট ৫৫৫। বাছাইপর্বে তিনি করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬৬ রান। টুর্নামেন্টের শুরুতে ব্যাট হাতে দাপুটে ইনিংস খেলা অধিনায়ক নিগার সুলতানা শেষদিকে ছন্দে ছিলেন না, ফলে তিনি দুই ধাপ পিছিয়ে এখন ১৯তম স্থানে। অন্যদিকে, রিতু মনি ব্যাট হাতে উন্নতি ঘটিয়ে ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৩তম স্থানে।

এই র‍্যাঙ্কিং পরিবর্তন শুধু ব্যক্তিগত কৃতিত্বই নয়, বরং গোটা দলের পারফরম্যান্স এবং ভবিষ্যতের আত্মবিশ্বাসের প্রতিফলন। বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের মেয়েদের অংশগ্রহণ এবার কেবল অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকবে না—এমনটাই প্রত্যাশা করছে ক্রিকেটপ্রেমীরা

মতামত দিন