অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ।
আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপকে সামনে রেখে আগেভাগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ২৮ নভেম্বর ভারতের চেন্নাইয়ে শুরু হবে এই প্রতিযোগিতা।
শনিবার (১১ অক্টোবর) রাতে ঘোষিত দলে জায়গা পেয়েছেন ২০ জন খেলোয়াড়। সাধারণত হকিতে ১৮ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করা হয়, তবে ফেডারেশন এবার প্রাথমিকভাবে দুইজন বেশি খেলোয়াড় রেখেছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানান, “২৮ অক্টোবর দল সুইজারল্যান্ড যাবে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে। ব্যয়বহুল সফরের কারণে ২৬ জনের তালিকা কমিয়ে ২০ জনে আনা হয়েছে। সুইজারল্যান্ড থেকে ফেরার পর ১৮ জনকে চূড়ান্ত করা হবে, বাকিরা স্ট্যান্ডবাই থাকবেন।”
প্রস্তুতির অংশ হিসেবে লুজানে এক সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিক সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরে অ-২১ দলের কয়েকজন খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও অংশ নেবেন, যা বিশ্বকাপ বাছাইয়ের অংশ। এরপর ১৮ নভেম্বর ভারতের উদ্দেশে যাত্রা করবে দলটি। চেন্নাই পৌঁছে টুর্নামেন্ট শুরুর আগে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানানো হয়েছে।
বাংলাদেশের অনূর্ধ্ব-২১ হকি দল:
আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আব্দুল্লাহ ও শহীদুর রহমান।
মতামত দিন