খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করল বাংলাদেশ নারী দল।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্বকাপের মতো আসরে বড় দলগুলোর বিপক্ষে সবসময়ই কঠিন পরীক্ষায় নামতে হয় বাংলাদেশ নারী দলকে। আজ গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষেও সেই চ্যালেঞ্জে নেমে দারুণ লড়াই দেখাল তারা।

সোবহানা মোস্তারীর ধৈর্যশীল ইনিংস আর রাবেয়া খানের ঝড়ো ব্যাটিংয়ে টাইগ্রেসরা গুটিয়ে গেল ১৭৮ রানে।

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড নারী দল। নতুন বল হাতে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও শারমিন আক্তার সুপ্তার। তিন ওভারেই স্কোরবোর্ডে উঠে যায় ২১ রান। তবে এরপরই হঠাৎ ভাঙে জুটি—ঝিলিক ৯ বলে ৪ রান করে ফিরলে, পরের ওভারেই শূন্য হাতে সাজঘরে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এক প্রান্তে লড়ে যাচ্ছিলেন শারমিন, কিন্তু ৩০ রান করে তিনিও আউট হন দলীয় ৫৯ রানে। এরপর ক্রিজে এসে দায়িত্ব নেন সোবহানা মোস্তারী। একের পর এক উইকেট হারালেও তার ধীরস্থির ব্যাটে দল পায় ভরসা। ১০৮ বলের ইনিংসে তিনি করেন ৬০ রান, যা ছিল ইনিংসের মূল ভিত্তি।

শেষ দিকে তার সঙ্গে জুটি বাঁধেন রাবেয়া খান। ৮ম উইকেটে দুজনের জুটিতেই আসে ইনিংসের গতি। রাবেয়া মাত্র ২৭ বলে ৪৩ রানে অপরাজিত থেকে দলকে টেনে নেন ১৭৮ রানে (৪৯.৪ ওভারে)। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন বাঁহাতি স্পিনার সোফি একলেস্টন।

এখন ইংলিশদের সামনে লক্ষ্য—৫০ ওভারে ১৭৯ রান, বাংলাদেশের মেয়েদের জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে শুরুতেই দরকার কয়েকটি দ্রুত উইকেট।

মতামত দিন