খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার।

নিজেস্ব প্রতিবেদক: 

আগামী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বুধবার (১ অক্টোবর) সকালে মিরপুরের বিসিবি কার্যালয়ে হাজির হওয়ার পর কিছুক্ষণ পরই নিজ সিদ্ধান্তের ঘোষণা দেন তিনি।

তামিমের সঙ্গে একই সময়ে হেভিওয়েট প্রার্থী সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরুও উপস্থিত ছিলেন। বিসিবি নির্বাচনে পরিচালক পদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তামিমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলেও, তিনি স্বেচ্ছায় তা বাতিল করেন। জানা গেছে, প্রধানত কিছু ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়া নিয়ে তার অসন্তোষ এই সিদ্ধান্তের কারণ।

ক্যারিয়ার শেষ করার পর তামিম বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে বোর্ডে সক্রিয়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিশেষত ক্রিকেট অপারেশন পরিচালনায় তার ভূমিকা রাখার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এবার সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। তার প্রার্থিতা প্রত্যাহারের ফলে পরিচালক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে এবং অন্যান্য প্রার্থীদের জন্য সুযোগ বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিসিবি নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে আগামী ৬ অক্টোবর। নির্বাচনের নিয়ম অনুযায়ী পরিচালনা পর্ষদের জন্য ভোট তিনটি ক্যাটাগরিতে হবে। জেলা ও বিভাগের কাউন্সিলররা ১০ জন পরিচালক নির্বাচন করবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন নির্বাচিত হবেন। এছাড়া ক্লাব ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার মধ্যে গঠিত তৃতীয় ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে নির্বাচিত ২৫ পরিচালকের মধ্য থেকে সভাপতি নির্বাচন হবে।

মতামত দিন