আন্তর্জাতিক তারকারা উয়েফার কাছে ইসরায়েল নিষিদ্ধের আবেদন।
এই তারকারা একটি যৌথ চিঠি ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে পাঠিয়েছেন। চিঠিতে তারা স্পষ্টভাবে দাবি জানিয়েছেন—ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে হবে।
চিঠিতে নাম রয়েছে মঈন আলী, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, পল পগবা, প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, ক্রিস্টাল প্যালেসের চিয়েক ডৌকুরে, চেলসির হাকিম জিয়েশ, অ্যাস্টন ভিলার আনোয়ার এল ঘাজি এবং লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ার্সনের।
চিঠির সঙ্গে যুক্ত হয়েছে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন, যেখানে গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের অভিযোগ তুলে ধরা হয়েছে। যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।
অ্যাথলেটদের চিঠিতে ফিলিস্তিনের কিংবদন্তি ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ‘ফিলিস্তিনি পেলে’ হিসেবে পরিচিত সুলেইমান আল-ওবেইদ গত আগস্টে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন। চিঠিতে বলা হয়েছে, “জীবিত অবস্থায় তিনি খেলাধুলার মাধ্যমে আশা জাগিয়েছেন, আর মৃত্যুর মাধ্যমে মনে করিয়ে দিলেন—কেন এখনই আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোকে পদক্ষেপ নিতে হবে।”
এর আগে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও ইসরায়েলকে ফুটবল থেকে সাময়িকভাবে বহিষ্কারের আহ্বান জানিয়েছিল। প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও ফিফার সর্বশেষ দুই কংগ্রেসে একই দাবি তুলেছে।
মতামত দিন