খেলা চলাকালেই গুরুতর আঘাত,প্রাণ গেল তরুণ খেলোয়াড়ের।
ক্যারিয়ারের সেরা সময় শুরু হওয়ার আগেই শিরোপা এবং বড় ক্লাবের স্বপ্ন দেখা মাত্র ১৯ বছর বয়সী গোলরক্ষক রাউল রামিরেসের জীবন অকালেই শেষ হয়ে গেল। খেলায় অংশ নেয়ার সময় গুরুতর আঘাত পান এই তরুণ ফুটবলার, যা তার প্রাণ কেড়ে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্পেনে পঞ্চম বিভাগের ক্লাব কলিন্দ্রেসের হয়ে রেভিলার বিরুদ্ধে খেলার সময় রাউল মাঠে মাথায় আঘাত পান। আহত হওয়ার পর তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং চিকিৎসকেরা তাকে ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেন।
কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ) রাউলের মৃত্যু নিশ্চিত করেছে। তারা তিন দিনের শোক ঘোষণা করে এই ট্রাজেডি নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছে। এছাড়া রাউলের পরিবার, বন্ধু-বান্ধব এবং কলিন্দ্রেস স্পোর্টস ক্লাবের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
আরএফসিএফ জানিয়েছে, রাউলের স্মরণে আগামী সপ্তাহে অনুষ্ঠিত সমস্ত ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে।

মতামত দিন