বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইশরাক হোসেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপি ঘনিষ্ঠ প্যানেলের অন্যতম মুখ হিসেবে ধরা হচ্ছিল ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে। শুরু থেকেই তাকে এ প্যানেলের প্রার্থী হিসেবে আলোচনায় রাখা হলেও শেষ পর্যন্ত তিনি লড়াইয়ে নামছেন না।
গত ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ইশরাক। কিন্তু সেটি জমা না দেওয়ায় এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। দলীয় হাই কমান্ডের নির্দেশেই তার এই সিদ্ধান্ত বলে জানা গেছে।
ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সূত্রের দাবি, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপি থেকে প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে ইশরাকের। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদেও তাকে বিবেচনা করছে বিএনপি। রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই তাকে ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে সরে আসতে বলা হয়েছে।
শুধু ইশরাক নন, বিসিবির পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দীনও মনোনয়নপত্র জমা দেননি।
এবার ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব প্রতিনিধি) পদে মোট ৩২ জন মনোনয়নপত্র নিয়েছিলেন। তাদের মধ্যে মাত্র দুজন—ইশরাক ও সালাউদ্দীন—প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন। এখন বাকি ৩০ জনের মধ্যে চূড়ান্তভাবে কারা নির্বাচনে থাকবেন, সেটি নিশ্চিত হবে ১ অক্টোবর দুপুর ১২টার পর।
মতামত দিন