খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি।

নিজেস্ব প্রতিবেদক:

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।

পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগার মনে করছেন, গ্রুপ পর্ব ও সুপার ফোরে বেশি ভুলের কারণে তাদের জয় হাতছাড়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভারত ও পাকিস্তান- দুটো দলই মুখোমুখি হলে চাপ স্বাভাবিকভাবেই থাকে। ফাইনালে আমরা যদি ভুলের সংখ্যা কমিয়ে খেলতে পারি, তাহলে জয় আমাদেরই হবে।”

গ্রুপ পর্যায়ে ভারত পাকিস্তানকে মাত্র ১২৮ রানে আটকে দেয়, এরপর সুপার ফোরে পাকিস্তান ১৭১ রান সংগ্রহ করলেও জয় করতে পারেনি। সালমানের মতে, ভুল কমানোই ফাইনালে জয় অর্জনের মূল চাবিকাঠি।

তিনি যোগ করেন, “আমরা যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী ৪০ ওভার খেলতে পারি, ইনশাআল্লাহ্‌ যে কোনো প্রতিদ্বন্দ্বী দলকে হারানো সম্ভব। আশা করি আমরা সেটা করতে পারব।”

পাকিস্তান এখনও ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয় নিশ্চিত করতে পারছে না।সব ফরম্যাট মিলিয়ে সাম্প্রতিক সময়ে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ৮টি ম্যাচ জিততে পারেনি। তবু অধিনায়ক মনে করেন, সঠিক কৌশল ও মনোযোগী খেলা তাদের ফাইনাল জয় এনে দিতে পারে।

মতামত দিন