মাঠে আঘাত, জীবন থামল তরুণ ফুটবলার বিলি ভিগারের।
মাত্র ২১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সাবেক আর্সেনাল ফুটবলার বিলি ভিগার। প্রতিভা ও সম্ভাবনায় ভরপুর এই ফরোয়ার্ড খেলার মাঝেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন এবং শেষ পর্যন্ত জীবন হারালেন।
গত সপ্তাহে ইসমিয়ান লিগে উইনগেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে চিচেস্টার সিটির হয়ে খেলতে নেমেছিলেন তিনি। ম্যাচ চলাকালে মাথায় গুরুতর আঘাত পান ভিগার। সঙ্গে সঙ্গে খেলা থেমে যায় এবং ১৩ মিনিট পর ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। পরে দীর্ঘ সময় কোমায় থাকার পর বৃহস্পতিবার মৃত্যু হয় তার। চিচেস্টার সিটি এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করে।
ক্লাবটি জানায়, “ভয়াবহ মাথার আঘাতের কারণে বিলি কোমায় চলে যায়। অস্ত্রোপচারের পর কিছুটা উন্নতি হলেও তার অবস্থা এতটাই জটিল ছিল যে, শেষ পর্যন্ত তাকে হারাতে হলো।”
বিলির ফুটবল ক্যারিয়ার শুরু হয় আর্সেনালের একাডেমিতে ২০১৭ সালে, তখন তার বয়স মাত্র ১৪। পাঁচ বছর পর ক্লাবটির সঙ্গে পেশাদার চুক্তি করেন। পরবর্তীতে ধারে খেলেন ডার্বি কাউন্টির অনূর্ধ্ব-২১ দল এবং ইসবর্ন বোরোতে। ২০২৪ সালের জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে হেস্টিংস ইউনাইটেডে যোগ দেওয়ার পর চলতি মৌসুমে নাম লেখান চিচেস্টার সিটিতে।
মতামত দিন