খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর বিপিএল এর নাম পরিবর্তন করে নতুন নামে দেশের শীর্ষ পেশাদার ফুটবল লিগ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বাংলাদেশের লিগ নতুন নাম পেয়েছে। দীর্ঘ এক দশক “বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল)” নামে পরিচিত থাকা এই লিগ এখন থেকে চলবে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামে।


নতুন নাম চূড়ান্ত করা হয়েছে গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা ও ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর। বাফুফে সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান  ক্লাব প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বিকেলে নতুন নাম অনুমোদন করেন।

এটি পেশাদার লিগের নামের চতুর্থ পরিবর্তন। ২০০৭ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অনুরোধে প্রথমবার দেশে পেশাদার ফুটবল লিগ চালু হয়। শুরুতে নাম ছিল “বি লিগ”, ২০০৮ সালে “বাংলাদেশ লিগ”, ২০১১ সালে “বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল)” করা হয়। ১৪ বছর ধরে এই নামেই লিগ চলছিল।

নাম পরিবর্তনের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে মিল থাকায় সৃষ্ট বিভ্রান্তি এবং ঘরোয়া ফুটবল লিগের নতুন ব্র্যান্ডিং। নতুন নামের সঙ্গে লোগোও পরিবর্তন আনা হবে।

আগামীকাল (২৬ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের দুটি ভেন্যুতে নতুন নামের অধীনে লিগ শুরু হবে। নতুন নাম ও লোগোসহ ব্যানার ও বোর্ড তৈরির কাজ তৎপরতার সঙ্গে চলছে।

বাফুফে জানিয়েছে, দীর্ঘদিন থেকেই ক্রীড়াপ্রেমীরা লিগের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। নতুন নামকরণ লিগকে আরও স্বতন্ত্র পরিচিতি দেবে এবং অনলাইনে খোঁজাখুঁজির সময় বিভ্রান্তি কমাবে।

মতামত দিন