খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ফুটবলের কিশোর দল।

নিজেস্ব প্রতিবেদক:

কলম্বোর গ্যালারিতে আবারও উচ্ছ্বাসের ঢেউ তুলল লাল–সবুজের কিশোররা। সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ দল।

খেলা শুরুর পর মাত্র চার মিনিটেই প্রতিপক্ষকে স্তব্ধ করে দেয় বাংলাদেশের তরুণরা। তৃতীয় মিনিটে পাকিস্তানি গোলরক্ষকের অদ্ভুত ভুলের সুযোগ কাজে লাগান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তার হাত ফসকে যাওয়া বল ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়ে দেন তিনি। মুহূর্ত পরেই আসে দ্বিতীয় গোল। ডান দিক থেকে বক্সে ঢুকে একক দারুণ কৌশলে পাকিস্তানি রক্ষণভাগ ভেদ করেন ফরোয়ার্ড অপু। কোণাকুনি শটে জালে বল পাঠালে ২–০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

অতিরিক্ত সময় জুড়ে পাকিস্তান মরিয়া চেষ্টা চালালেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়ান। ফলে আর কোনো গোল হয়নি ম্যাচে। গ্রুপ পর্বে ধারাবাহিক জয়ে পাকিস্তানকে শক্ত প্রতিপক্ষ ভাবা হলেও সেমিতে এসে বাংলাদেশের সামনে অসহায় হয়ে পড়তে হয়েছে তাদের। ভারতকে শেষ ম্যাচে চাপে ফেলার পরও শিরোপার লড়াইয়ের টিকিট নিতে পারেনি তারা।

এখন চোখ ফাইনালে। একই ভেন্যুতে আজ রাতে ভারত ও নেপালের মধ্যে হবে দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বর শিরোপার জন্য লড়বে বাংলাদেশ কিশোর দল।

মতামত দিন