খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে টাইগার শিবিরে সুসংবাদ।

নিজেস্ব প্রতিবেদক:

এশিয়া কাপের সুপার ফোরে আজ রাতে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই  ম্যাচের আগেই ক্রিকেটপ্রেমীদের জন্য এলো ইতিবাচক খবর।
আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং আপডেটে উজ্জ্বল হয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার—অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান আর তরুণ  ব্যাটার সাইফ হাসান।

শেষ দুই ম্যাচে ধারাবাহিকভাবে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। বল হাতে তুলে নিয়েছেন ছয় উইকেট। সেই পারফরম্যান্সের সুবাদে ছয় ধাপ এগিয়ে তিনি আবারও জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা দশ বোলারের তালিকায়। বর্তমানে টাইগার পেস আক্রমণের মূল ভরসা হিসেবেই ধরা হচ্ছে তাকে।

অন্যদিকে, সুপার ফোরের প্রথম ম্যাচে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেই আলোচনায় আসেন সাইফ হাসান। তার ব্যাটিং নৈপুণ্যে র‌্যাঙ্কিংয়ে ঘটে গেছে রীতিমতো বিস্ফোরণ—এক লাফে ১৩৩ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৮১তম স্থানে।

শুধু মুস্তাফিজ আর সাইফই নয়, দলের অন্য কয়েকজনের র‌্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করা অলরাউন্ডার শেখ মাহেদী তিন ধাপ এগিয়ে উঠেছেন ১৭ নম্বরে। লেগস্পিনার রিশাদ খান দুই ধাপ পিছিয়ে এখন ২৬তম স্থানে, তাসকিন আহমেদ নেমেছেন ৩১তম স্থানে। তরুণ পেসার তানজিম হাসান সাকিব এগিয়েছেন দুই ধাপ, অবস্থান ৪০তম স্থানে। তবে শরিফুল ইসলাম ছয় ধাপ পিছিয়ে এখন ৬৪ নম্বরে।

টাইগারদের জন্য এই র‌্যাঙ্কিং অগ্রগতি নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে ভারতের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে।

মতামত দিন