খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বিয়ের পিঁড়িতে বসা: মোহাম্মদ শামি।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের পেসার মোহাম্মদ শামি সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আক্ষেপের কথা জানালেন। তিনি বলেন, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বিয়ের পিঁড়িতে বসা।

কাউকে দায়ী করতে চান না, তবে নিজের ভাগ্যকেই দোষ দিচ্ছেন তিনি।

শামি ২০১৪ সালে অভিনেত্রী ও মডেল হাসিন জাহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে পারিবারিক কলহের জেরে ২০১৮ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের মামলা এখনও চলমান। এদিকে ব্যক্তিগত জীবনের অস্থিরতা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য ধরে রেখেছেন ভারতীয় এই তারকা।

টিভি অনুষ্ঠান ‘আপ কি আদালতে’ শামি বলেন, “জীবন অনেক কিছু শেখায়। আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে। আমি কাউকে দোষারোপ করছি না, ভাগ্যই খারাপ। দেশের হয়ে খেলতে গিয়ে একদিকে পরিবারের টানাপোড়েন, অন্যদিকে মাঠের চাপ—সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।”

তিনি আরও জানান, কঠিন সময়ে দলের সতীর্থদের কাছ থেকে শক্তি পেয়েছেন। বিশেষ করে বিরাট কোহলি পরামর্শ দিয়েছেন কীভাবে নিজেকে শান্ত রাখতে হবে। সেখান থেকেই দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।

উল্লেখ্য, ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শামির। একই বছরের নভেম্বরে উইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং পরের বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে তার। এখন পর্যন্ত টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আড়াইশোর বেশি ম্যাচ খেলেছেন তিনি।

মতামত দিন