খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি।

নিজেস্ব প্রতিবেদক:

এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার একদিন আগে পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহত এক ভারতীয় পর্যটকের বাবা সঞ্জয় দ্বিবেদী এই ম্যাচের তীব্র বিরোধিতা করেছেন। তিনি চাইছেন, নিরাপত্তা ও নৈতিক কারণে ম্যাচটি বাতিল করা হোক।

দ্বিবেদী তার ছেলের হত্যার পর সরকারের কাছে দাবি জানিয়েছেন যে, শুধুমাত্র কূটনৈতিক নয়, ক্রীড়া  ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সম্পর্কও বন্ধ হওয়া উচিত।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, “এপ্রিল মাসে পাকিস্তান আমাদের দেশের ২৬ নিরপরাধ নাগরিককে হত্যা করেছে। সে সময় সরকার জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আজ ভারত-পাকিস্তান ম্যাচের খবর শুনে আমি নয়, পুরো দেশই বিরোধিতা করছে। তাই সরকারের কাছে অনুরোধ, জনমতকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেওয়া হোক।”

এর আগে, ভারতের সুপ্রিম কোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের (পিআইএল) মাধ্যমে ম্যাচ বাতিলের আবেদন করা হয়। আইন বিভাগের চার শিক্ষার্থী, উর্বশী জৈনের নেতৃত্বে, পিটিশনটি দায়ের করেন।

পিটিশনে বলা হয়, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার মাত্র কয়েক মাসের মধ্যে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। এতে দেশের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং সাধারণ নাগরিক ও সৈন্যদের  আত্মদান উপেক্ষিত হচ্ছে।

পিটিশনের দাবি, “সৈন্যদের জীবন, নাগরিকদের সুরক্ষা এবং জাতীয় স্বার্থের চেয়ে ক্রিকেটকে অগ্রাধিকার দেয়া যাবে না।” এছাড়া ভবিষ্যতে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট ২০২৫’ দ্রুত কার্যকর করারও আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন