শনিবার ঢাকায় আসছেন আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টাফেল।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশে পৌঁছাচ্ছেন আইসিসির সাবেক এলিট প্যানেল আম্পায়ার সাইমন টাফেল। দুই বছরের চুক্তির মাধ্যমে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ারদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করবেন।
১৯৯৯ সালে আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করা টাফেল ২০০০ সালে প্রথম টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করেন। তিনি আইসিসির মেগা ইভেন্ট এবং অ্যাশেজ সিরিজসহ আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় ম্যাচে আম্পায়ার হিসেবে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।
এরই মধ্যে টাফেল ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হওয়ার রেকর্ডও রয়েছে তার।
টাফেল ১৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টি ম্যাচগুলিতে উপস্থিত থাকবেন এবং সেখানে আম্পায়ারদের সঙ্গে সরাসরি প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম পরিচালনা করবেন।

মতামত দিন