শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়ে সান্ত্বনার জয় পেলো বাংলাদেশ।
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আগেই শেষ হলেও তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারিয়ে অন্তত শেষটা রাঙাতে পেরেছে বাংলাদেশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের খেলায় মোরসালিন ও ফাহামেদুলের নেতৃত্বে ৪-১ গোলে সিঙ্গাপুরকে হারিয়েছে বাংলাদেশ।
শুরুতে টানা দুই ম্যাচে হারের কারণে মূল পর্বে খেলার আশা শেষ হয়ে গিয়েছিল। সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ছিল শুধু নিয়মরক্ষার খেলা। মূল পর্বে জায়গা না পেলেও শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধে সিঙ্গাপুরের কয়েকটি গোলের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি তারা। বিরতির পর বাংলাদেশ আক্রমণ বাড়িয়ে দেয়। ম্যাচের ৭০ মিনিটে ফাহামেদুল ইসলাম প্রায় ২৫ গজ দূর থেকে জোরাল শটে প্রথম গোল করেন। মিনিট দুয়েক পর আল আমিন ব্যবধান দ্বিগুণ করেন।
৮০তম মিনিটে কর্নার থেকে দ্রুত পাল্টা আক্রমণে বাংলাদেশ, মহসিন আহমেদ ডি-বক্সে ক্রস পেয়ে কোনাকুনি শটে তৃতীয় গোলটি করেন। এরপর মাত্র দুই মিনিট পর শেখ মোরসালিন এক ছুটে ডি-বক্সের কাছে গিয়ে প্রতিপক্ষকে কাটিয়ে চতুর্থ গোল করেন। অতিরিক্ত সময়ে নাদিম রাহিম সিঙ্গাপুরের একমাত্র গোলটি করেন।
বাছাই পর্ব শুরু হয় ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হারে। দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে শেষ মুহূর্তে ১-০ ব্যবধানে হারের ফলে মূল পর্বের লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ১১টি রানার্স আপের মধ্যে সেরা চার দল মূল পর্বে খেলবে।

মতামত দিন