চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গর্বের সমাপ্তি বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী দলের।
ম্যাচের শুরুতেই বাংলাদেশ এগিয়ে যায়। মাত্র ২৯ সেকেন্ডে মামোনি চাকমার ক্রসে পূর্ণিমা মারমার হেডে গোল করে লিড নেয় তারা। তবে নবম মিনিটে রক্ষণের ভুলে ভারতের আনুশকা কুমারী সমতা ফেরান।
এরপর ২৩ মিনিটে আলপি আক্তারের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে শুরুতেই জ্বলে ওঠেন সুরভী আকন্দ প্রীতি। ৪৮ মিনিটে তার গোল ব্যবধান বাড়ায় ৩-১ এ।
কিন্তু হাল ছাড়েনি ভারত। ৬৫ মিনিটে প্রীতিকা বর্মণ ভলিতে গোল করলে ব্যবধান কমে যায়। আর ৮৯ মিনিটে ঝুলন নংমাইথেম গোল করে ম্যাচে ফেরান ভারতকে। খেলা যখন ড্রয়ের পথে, তখন যোগ করা সময়ে আসে নাটকীয় মুহূর্ত। প্রীতির শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক, কিন্তু বল লেগে ডিফেন্ডার দিব্যানি লিন্ডারের গায়ে ঢুকে যায় জালে। আত্মঘাতী সেই গোলেই ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
গ্রুপপর্বে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে আক্ষেপ অনেকটাই দূর করেছে প্রীতি-আলপিরা।
মতামত দিন