খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

অক্টোবর-নভেম্বরে প্রীতি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ নিয়ে জল্পনা।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা লাতিন দেশগুলো শেষ করবে সেপ্টেম্বরে। আগামী ৪ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলা ও ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এরই মধ্যে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাছাই শেষ করেই খেলতে নামবে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে।

অক্টোবরে দুটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়ার ভাষ্য, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মেসিদের প্রতিপক্ষ আবারও ভেনেজুয়েলা। এরপর ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে খেলবেন তারা পুয়ের্তো রিকোর বিপক্ষে, যাদের বর্তমান অবস্থান ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৭তম।

এদিকে, নভেম্বরে আরও একটি ম্যাচ খেলতে ভারতে যাবে লিওনেল স্কালোনির দল। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান নিশ্চিত করেছেন, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই  প্রীতি ম্যাচ। তারিখ ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে নির্ধারিত হবে এবং এতে মেসির অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে।

ভারতে সফর নিশ্চিত হওয়ার পর সমর্থকদের কৌতূহল—স্কালোনির দলের বিপক্ষে নামবে কোন প্রতিপক্ষ? স্থানীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম উঠে এসেছে।

মতামত দিন