রোনালদোর স্বপ্নভঙ্গ, সৌদি সুপার কাপও হাতছাড়া।
সৌদি আরবে যোগ দেওয়ার পর থেকে বহুবার শিরোপার দোরগোড়ায় গিয়েও ব্যর্থ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারও ব্যতিক্রম হলো না।
ম্যাচের শুরু থেকেই আল-নাসর আক্রমণে আধিপত্য দেখালেও গোল পেতে দেরি হচ্ছিল। অবশেষে ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এ গোলের সুবাদে আল-নাসরের জার্সিতে তার শততম গোলও পূর্ণ হয়। এর মধ্য দিয়ে পাঁচটি ভিন্ন দলের হয়ে শত গোল করা ইতিহাসের একমাত্র ফুটবলার হয়ে গেলেন তিনি।
কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির আগ মুহূর্তেই ফ্র্যাঙ্ক কেসির দারুণ শটে সমতায় ফেরে আল-আহলি। দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও জমে ওঠে। শেষ দিকে মার্সেলো ব্রোজোভিচ গোল করে আবারও এগিয়ে দেন আল-নাসরকে। তখন মনে হচ্ছিল রোনালদোর হাতে শিরোপা উঠতে যাচ্ছে। কিন্তু নাটকীয় সমাপ্তি বাঁধিয়ে দেন রজার ইবানেজ—কর্নার থেকে পাওয়া বলে হেড করে ম্যাচটিকে ২-২ সমতায় নিয়ে যান তিনি।
এরপর টাইব্রেকারে মঞ্চটা পুরোপুরি দখল করে নেন আল-আহলির গোলরক্ষক এডোয়ার্ড মেন্ডি। আল-নাসরের মিডফিল্ডার আবদুল্লাহ আল-খাইবারির শট ঠেকিয়ে দলকে শিরোপা এনে দেন তিনি।
রোনালদো গোল করলেও তাতে কাজ হয়নি। ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের পর থেকে একের পর এক ফাইনাল খেলেও আর কোনো ট্রফি হাতে নিতে পারছেন না ৪০ বছর বয়সী তারকা।

মতামত দিন