নারী ওয়ানডে বিশ্বকাপ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে না।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা উদযাপনের সময় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ হয়েছিল। সেই শঙ্কাই সত্য হলো—রাজ্য সরকারের অনুমতি না থাকায় কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন এবার নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে পারবে না।
নারী ওয়ানডে বিশ্বকাপ ভারতের মাটিতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। মূলত বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচ, ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত ও ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচ ও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ গুয়াহাটিতে হবে। ১১ অক্টোবর ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ কলম্বোতে সরিয়ে নেওয়া হয়েছে। ন্যাভি মুম্বাইয়ে হবে গ্রুপপর্বের ভারত-নিউজিল্যান্ড (২৩ অক্টোবর) ও বাংলাদেশ-ভারত (২৬ অক্টোবর) ম্যাচ।
স্মরণযোগ্য, শেষ আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতেছিল বিরাট কোহলির দল। শিরোপা উদযাপনের সময় স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ঘটেছিল, যা এবার বিশ্বকাপের অনুমতি না দেয়ার মূল কারণ।
মতামত দিন