খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের বড় হারে কান্নায় ভেঙে পড়লেন নেইমার, কোচ বরখাস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাজিলের কিংবদন্তি ফুটবল ক্লাব সান্তোসের জন্য শেষ কয়েক বছর বেশ কঠিন কাটছে। ক্লাবটি মাঝে শীর্ষ লিগ থেকে অবনমিত হওয়ার মুখোমুখি হয়েছিল।

তবে এই বছরের জানুয়ারিতে নেইমারের সান্তোসে ফেরার পর সমর্থকরা নতুন আশায় বুক বেঁধেছিলেন।

কিন্তু ১৭ আগস্ট রাতে ব্রাজিলিয়ান সিরি আ'য় সান্তোস মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা ভাস্কো দা গামার সঙ্গে। এই ম্যাচে সান্তোস ৬-০ গোলে হেরে যায়। নেইমারের জাতীয় দলের প্রাক্তন সতীর্থ কৌতিনিয়ো জোড়া গোল করে দা গামার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচে নেইমার নিজের মানানসই পারফরম্যান্স দেখালেও দলকে বড় পরাজয় থেকে রক্ষা করতে পারেননি।

জাতীয় দল বা ক্লাব পর্যায়ে এটিই নেইমারের সবচেয়ে বড় পরাজয়। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে হেরেছিল, কিন্তু নেইমার ইনজুরির কারণে ওই ম্যাচে খেলেননি।

পরাজয়ের পর নেইমার মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন। এই হারের ফলে কোচ ক্লেবার জেভিয়েরকে বরখাস্ত করা হয়েছে। ৬১ বছর বয়সী জেভিয়ের গত এপ্রিলে সান্তোসের প্রধান কোচ হিসেবে যোগ দেন।  তার আগে তিনি পালমেইরাস ও ফ্লামেঙ্গোর সহকারী কোচের দায়িত্বে ছিলেন। সান্তোস সামাজিক মাধ্যমে জানায়, ক্লাব জেভিয়েরকে বিদায় জানাচ্ছে এবং তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল।

সান্তোসের বড় হারের পর চাকরি হারিয়েছেন কোচ ক্লেবার জেভিয়ের। ছবি: রয়টার্স








নেইমার দলীয় পারফরম্যান্সের উপর তীব্র সমালোচনা করেন। তিনি ব্রাজিলিয়ান গণমাধ্যমকে বলেন, “আমরা মাঠে যে মানসিকতা দেখিয়েছি, তা সত্যিই ভয়ঙ্কর। সান্তোসের জার্সি গায়ে এমন খেলা লজ্জাজনক। প্রত্যেককে ভাবা উচিত, আমরা আসলে কী করতে চাই।”

আগামী ২৪ আগস্ট সান্তোস চতুর্থ স্থানে থাকা বাহিয়ার সঙ্গে খেলতে নামবে।

মতামত দিন