খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

“বাবর-রিজওয়ান ছাড়াই পাকিস্তানের এশিয়া কাপ ও ট্রাই-সিরিজ দল ঘোষণা”

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন ট্রাই-সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে, সেটি ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশেষ করে দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের নাম—যা নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে।

আগামী ২৯ আগস্ট শারজাহতে শুরু হবে তিন জাতির টি২০ ট্রাই-সিরিজ, যেখানে অংশ নেবে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আর ৯ সেপ্টেম্বর থেকে আবুধাবি ও দুবাইয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

দুটি প্রতিযোগিতাতেই পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সালমান আলী আগা। স্কোয়াডে অভিজ্ঞতার ঝলক আনতে রাখা হয়েছে ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে। পাশাপাশি তরুণদের মধ্যে সুযোগ পেয়েছেন সাইম আউব, খুশদিল শাহ ও হুসেইন তালাত।

তবে বাবর-রিজওয়ানকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে আবারও বিতর্ক ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে পাকিস্তান ব্যাটিংয়ের মূল ভরসা হয়ে থাকা এ দুই তারকাকে কেন ধারাবাহিকভাবে বাদ দেওয়া হচ্ছে—তা নিয়ে সমর্থকদের মধ্যে নানা প্রশ্ন। অনেকেই মনে করছেন, পিসিবি হয়তো নতুন প্রজন্মকে প্রতিষ্ঠিত করার কৌশল নিচ্ছে, আবার কারও মতে ভেতরে ভেতরে অন্য পরিকল্পনা কাজ করছে।

দলের হোয়াইট-বল কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “বাংলাদেশ সফরে সালমান মির্জা দুর্দান্ত বোলিং করেছে। সাত উইকেট পেয়েছিল খুব ভালো ইকোনমি রেটে। তাই তাকে রাখা হয়েছে।” তবে বাবর ও রিজওয়ানকে কেন রাখা হয়নি—সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি। এতে গুঞ্জন আরও বেড়েছে।

পাকিস্তানের এশিয়া কাপ ও ট্রাই-সিরিজের দল

সাইম আউব, ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

মতামত দিন