অর্জুন টেন্ডুলকারের বাগদান সম্পন্ন, হবু কনের পরিচয় আলোচনায়।
কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার বাগদান করেছেন। বুধবার (১৩ আগস্ট) মুম্বইয়ে ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে এই বাগদান সম্পন্ন হয়।
২৫ বছর বয়সী অর্জুন বাঁহাতি ফাস্ট বোলিং অলরাউন্ডার। তিনি গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সেরও প্রতিনিধিত্ব করেছেন।
অন্যদিকে, হবু কনে সানিয়া চান্দোক লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। মুম্বইয়ে তিনি ‘মিস্টার পজ’ নামে পোষ্যদের জন্য একটি সেলুন, স্পা ও স্টোর পরিচালনা করেন। ঘাই পরিবার আতিথেয়তা ও খাদ্য শিল্পের পরিচিত নাম হলেও সানিয়া লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন।
প্রসঙ্গত, অর্জুন ও সানিয়া ছোটবেলার বন্ধু হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি থেকে বোঝা যায়, দীর্ঘদিন ধরে সানিয়া টেন্ডুলকার পরিবারের সঙ্গে পরিচিত।
এ পর্যন্ত টেন্ডুলকার পরিবার বা ঘাই পরিবারের পক্ষ থেকে বাগদান নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা ছবি প্রকাশ করা হয়নি।

মতামত দিন