অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘বেবি এভি’ ব্রেভিসের ঝড়ো সেঞ্চুরি, সিরিজে সমতায় প্রোটিয়া।
ডারউইনে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলের রান পাহাড় গড়ার নায়ক ব্রেভিস—মাত্র ৪১ বলে শতক পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত ১২৫ রান। ইনিংসে ৫৬ বলে ১২ চার ও ৮ ছক্কা হাঁকান তিনি। এটি প্রোটিয়াদের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি; রেকর্ডটি এখনো ডেভিড মিলারের দখলে (২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে)। পাশাপাশি ব্রেভিস ভেঙে দেন ফাফ ডু প্লেসিসের ২০১৫ সালের রেকর্ড, প্রোটিয়াদের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হন তিনি। ত্রিস্তান স্টাবস করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। এরপর টিম ডেভিডের ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা ম্যাচে ফেরার ইঙ্গিত মেলে। ২৩ বলে ফিফটি ছুঁয়ে ফেললেও কাগিসো রাবাদার বলে কাভারে ধরা পড়ে থামেন তিনি। ২৪ বলে ৪ চার ও ৪ ছক্কার মারে ৫১ রান করেন টিম। বাকিরা ব্যর্থ হলে ১৭.৪ ওভারে ১৬৫ রানে থেমে যায় অজিদের ইনিংস।
প্রোটিয়াদের হয়ে কেওয়েনা মাফাকা ও কর্বিন বোশ নেন তিনটি করে উইকেট। ৫৩ রানের জয় এনে দিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে শনিবার (১৬ আগস্ট)।

মতামত দিন