খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে ৩ দিনের সফরে ভারতে আসছেন মেসি।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ এক যুগ পর আবারও ভারত সফরে আসছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। ডিসেম্বরে তিনদিনের সফরে কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ে অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে—যার মধ্যে রয়েছে সংবর্ধনা, ফুটবল কর্মশালা, "গোট কাপ" টুর্নামেন্ট এবং তারকাবহুল একটি অনুষ্ঠান।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেসি। এই আয়োজনে বলিউড ও ক্রিকেট অঙ্গনের বেশ কয়েকজন তারকাও অংশ নেবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই আয়োজক প্রতিষ্ঠান উইজক্র্যাফট, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে স্টেডিয়াম ব্যবহারের অনুমতিও নিয়েছে।

সফরের অন্যতম আকর্ষণ কলকাতা পর্ব, যেখানে ইডেন গার্ডেনে মেসিকে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া শিশু-কিশোরদের জন্য একটি ফুটবল কর্মশালা এবং "গোট কাপ" নামে সাতজনের একটি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করবেন মেসি।

দিল্লির আয়োজনে ঠিক কী থাকছে তা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি, তবে সেখানে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ এবং কিছু ফুটবলভিত্তিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে প্রথমবার ভারত সফরে এসেছিলেন মেসি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে খেলা ৩৮ বছর বয়সী মেসি বিশ্ব ফুটবলের অন্যতম সফল নাম। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে তিনি জিতেছেন ৪৫টি ট্রফি, করেছেন ৮৭০টির বেশি গোল ও ৩৮০টির বেশি অ্যাসিস্ট। এছাড়া ৮টি ব্যালন ডি’অর ও ৬টি ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের অনন্য রেকর্ড রয়েছে তার ঝুলিতে।

মতামত দিন