খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

তাসকিন-সৌরভ বিরোধ মিটল পারিবারিক সমঝোতায়।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে শারীরিক আক্রমণের অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন তার পুরনো বন্ধু সিফাতুর রহমান সৌরভ। তবে কয়েকদিনের উত্তেজনার পর সেই বিরোধ মিটে গেছে—দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে।

বুধবার (৩০ জুলাই) বিষয়টি সমাধানে পৌঁছানোর কথা গণমাধ্যমে জানান সৌরভ নিজেই। তিনি বলেন, “পরিবারের সদস্যরা বসেছিলেন, সেখানে একটি মুচলেকা গ্রহণের মাধ্যমে আমরা বিষয়টি মীমাংসা করেছি। কথার ভুল বোঝাবুঝি থেকেই ঝামেলার শুরু, এখন আর কোনো অভিযোগ নেই আমার।”

সৌরভের ভাষ্য অনুযায়ী, তাসকিনের বাবা তার নানার আত্মীয় হওয়ায়, আত্মীয়তাসূত্রে দুই পরিবারের  মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ভিত্তিতেই তারা সিদ্ধান্তে পৌঁছান।

তিনি আরও জানান, “শুরুতে বসে আলোচনা করলে হয়তো এত দূর গড়াত না। তাসকিনের জন্য  শুভকামনা রইল, কিন্তু এই ঘটনার মানসিক অভিঘাত সহজে কাটছে না।”

এদিকে, সৌরভের খালা ঝুমা খান বলেন, “আমরা ৪৮ ঘণ্টার সময় নিয়েছিলাম পরিস্থিতি পর্যালোচনার জন্য। আজ পরিবারগুলো একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছে, আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে প্রতিশ্রুতি নিয়েই অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।”

প্রসঙ্গত, অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তাসকিন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করে আসছিলেন যে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেছিলেন, “আমি কারও সঙ্গে মারামারিতে জড়াইনি। একটা ভুল তথ্য ঘিরে আমার নাম জড়ানো হয়েছে। এমন গুজবে কেউ কান দেবেন না।”

পরিস্থিতির অবসানে আপাতত স্বস্তি ফিরেছে উভয় পক্ষেই। তবে বন্ধুত্বের পুরনো রূপে ফেরার ক্ষেত্রে সময় লাগবে বলেই জানিয়েছেন সৌরভ।

মতামত দিন