নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, নিশ্চিত লস অ্যাঞ্জেলস অলিম্পিকও।
নারী কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে একচেটিয়া দাপটে ৫-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার এই পরাশক্তি।
মঙ্গলবার (২৯ জুলাই) ইকুয়েডরের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই সহজ জয় তুলে নেয় শিরোপাধারীরা।
দলের হয়ে জোড়া গোল করেন তরুণ ফরোয়ার্ড অ্যামান্ডা গুতিয়েরেস। বাকি তিনটি গোল করেন গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া।
দক্ষিণ আমেরিকার নারী ফুটবলে ব্রাজিলের আধিপত্য দীর্ঘদিনের। টুর্নামেন্টের ৯টি আসরের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা।
আগামী শনিবার (২ আগস্ট) ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। বাংলাদেশ সময় রাত ৩টায় মাঠে নামবে দুই দল। ২০২২ সালের কোপা আমেরিকার ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল, যেখানে জয়ী হয়েছিল ব্রাজিল।

মতামত দিন