নারী এশিয়ান কাপে জায়গা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঋতুপর্ণা চাকমাদের এই গ্রুপে শক্তিশালী তিন প্রতিপক্ষ—চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনির টাউন হলে অনুষ্ঠিত হয় আসরের ড্র অনুষ্ঠান। চারটি পট থেকে ১২ দলের নাম তোলা হয়। পট-৪ থেকে জায়গা পাওয়া বাংলাদেশকে রাখা হয় ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে পট-১ থেকে এসেছে উত্তর কোরিয়া, পট-২ থেকে চীন এবং পট-৩ থেকে উজবেকিস্তান।
এদিকে, ‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়া পেয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপিনসকে। ‘সি’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে।
আগামী ৩ মার্চ সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ম্যাচ চীনের বিপক্ষে। এরপর ৬ মার্চ একই ভেন্যুতে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে দল।৯ মার্চ পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
এই প্রতিযোগিতার গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে যোগ দেবে তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় স্থান পাওয়া দল।
প্রসঙ্গত, এশিয়ান কাপের বাছাইপর্বে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে গত ২ জুলাই প্রথমবারের মতো মূলপর্বে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পা রাখে নারী ফুটবলের সর্বোচ্চ এই মহাদেশীয় আসরে।
এশিয়ান কাপে ভালো পারফরম্যান্স করতে পারলে বাংলাদেশের সামনে খুলে যেতে পারে বিশ্বকাপ ও অলিম্পিকের দরজাও। প্রতিযোগিতায় গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুইয়ে থাকলেই মিলবে ২০২৭ নারী বিশ্বকাপের টিকিট। তৃতীয় স্থান পেলেও প্লে-অফের মাধ্যমে সেই সুযোগ থাকবে। পাশাপাশি, এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনাল খেলা আট দল নিয়েই হবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্ব।
২১ মার্চ আসরের ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ২১তম এএফসি নারী এশিয়ান কাপে।
মতামত দিন