তাসকিনের বিরুদ্ধে অভিযোগ, বললেন ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’।
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করা হয়েছে তারই শৈশবের বন্ধু সিফাতুর রহমান সৈকতের পক্ষ থেকে। অভিযোগটি রাজধানীর মিরপুর মডেল থানায় লিখিতভাবে জমা দেওয়া হয়।
তাসকিন তার ফেসবুক পেজে লেখেন, “আমি কাউকে মারধর করেছি—এমন সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আসলে দুই বন্ধুর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তাদের দুজনই আমার বন্ধু। আমি কেবল মাঝখানে পড়েছি। কেউ উদ্দেশ্য করে আমার নাম জড়িয়েছে।”
তিনি আরও বলেন, “আমার পরিবার, বন্ধুদের সম্মান রক্ষার্থে অনুরোধ করবো—কারও প্ররোচনায় বিভ্রান্ত হবেন না এবং কাউকে বিভ্রান্ত করবেন না। যা ঘটেছে, সেটা ইতোমধ্যে আমার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়েছে। বিষয়টা যে জায়গায় গড়িয়েছে, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত।”
এদিকে অভিযোগের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজর এড়ায়নি। সময় সংবাদকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু জানান, “তাসকিন আমাদের জানিয়েছে তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। তাছাড়া ঘটনাটি মাঠের বাইরের, তার ব্যক্তিগত পরিসরের বিষয়। খেলার সময় বা স্টেডিয়ামে হলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারতাম।”
তাসকিনের দাবি, তার বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হচ্ছে। বোর্ডও বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

মতামত দিন