অল স্টার ম্যাচ এড়ানোয় নিষিদ্ধ হলেন মেসি ও আলবা।
নিজেস্ব প্রতিবেদক:
মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেওয়ার শাস্তি পেতে হলো ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্ডি আলবাকে। চোটে না পড়েও ম্যাচে না খেলায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তারা।
ফলে আসন্ন ম্যাচে, রোববার (২৭ জুলাই) সকাল বেলা সিনসিনাটির বিপক্ষে মাঠে নামতে পারবেন না এই দুই অভিজ্ঞ ফুটবলার। অল স্টার ম্যাচে প্রতিপক্ষ ছিল মেক্সিকোর লিগা এমএক্সের বাছাই দল। সে ম্যাচের দলে নাম থাকলেও শেষমেশ মাঠে নামেননি মেসি ও আলবা—তাদের সিদ্ধান্তে ক্ষুব্ধ এমএলএস কর্তৃপক্ষ।
লিগের নিয়মানুযায়ী, অল স্টার দলে থাকা কোনো ফুটবলার চোটে না পড়েও যদি ম্যাচ এড়িয়ে যান, তাহলে তাকে পরবর্তী একটি ম্যাচে নিষিদ্ধ করা হয়। ঠিক এমন শাস্তির মুখোমুখি হয়েছেন মেসি ও আলবা।
এই নিষেধাজ্ঞা ইন্টার মায়ামির জন্য বড় ধাক্কা। কারণ চলতি মৌসুমে অসাধারণ ছন্দে আছেন লিওনেল মেসি। ইতিমধ্যেই ১৭ ম্যাচে করেছেন ১৮ গোল, অ্যাসিস্ট করেছেন আরও ১০টি।
মতামত দিন