খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ভারতের কোচ হতে চেয়েছিলেন বার্সা কিংবদন্তি জাভি।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্বজয়ী মিডফিল্ডার, বার্সেলোনার কিংবদন্তি এবং সদ্য সাবেক কোচ জাভি হার্নান্দেজ ভারতের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে চেয়েছিলেন। এমনকি তিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছে কোচ হওয়ার জন্য একটি ইমেইল আবেদনও করেন।

তবে চুক্তির আর্থিক দিকটি বিবেচনায় নিয়ে শুরুতেই সেই সম্ভাবনার দরজা বন্ধ করে দেয় ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ।

বিশ্বমঞ্চের তারকা আবেদন করলেও এগোয়নি আলোচনা

‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের জাতীয় দলের কোচ হওয়ার জন্য যারা আবেদন করেছিলেন, সেই তালিকায় ছিলেন সাবেক কোচ স্টিফেন কনস্ট্যাটাইন, অস্ট্রেলিয়ার সাবেক  তারকা হ্যারি কেওয়েল, ব্ল্যাকবার্ন রোভার্সের প্রাক্তন ম্যানেজার স্টিভ কিন, এবং দেশের কিবু ভিকুনা ও খালিদ জামিলের মতো পরিচিত নাম। সেই তালিকার একেবারে নিচে ছিল চমকজাগানিয়া একটি নাম—জাভি হার্নান্দেজ।

এআইএফএফের জাতীয় দলের পরিচালক সুব্রত পাল জানিয়েছেন, জাভির আবেদনটি তার নিজের ইমেইল থেকে পাঠানো হয়েছিল। তবে ফোন নম্বর দেননি তিনি। এ নিয়েও কম বিস্ময় ছড়ায়নি।

ভারতীয় ফুটবলে আগ্রহ দেখিয়েছিলেন আগেই

জাভি কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি মাঝে মাঝে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) দেখেন। কারণ সেখানে অনেক স্প্যানিশ কোচ কাজ করেন। সেই আগ্রহ থেকেই সম্ভবত ভারতের জাতীয় দলের দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু, তাঁর আর্থিক চাহিদা ছিল ভারতীয় ফেডারেশনের ধরাছোঁয়ার বাইরে। তাই প্রাথমিক তালিকাতেই বাদ পড়ে যান জাভি।

ক্যারিয়ারজুড়ে রেকর্ডের পর রেকর্ড

খেলোয়াড়ি জীবনে জাভি ছিলেন ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার। স্পেনের জার্সিতে ২০১০ বিশ্বকাপ  ও দুটি ইউরো জিতেছেন। বার্সেলোনার হয়ে খেলেছেন ৭০০-এর বেশি ম্যাচ, জিতেছেন ২৫টি ট্রফি, যার মধ্যে রয়েছে ৮টি লা লিগা এবং ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কোচ হিসেবে বার্সার দায়িত্ব নিয়েও জিতিয়েছেন ২০২২-২৩ মৌসুমের লা লিগা।

ভারতের কোচ হিসেবে এখনো খোঁজ চলছে

এদিকে ভারতের কোচিং পদের জন্য এখনো চূড়ান্ত কোনো নাম ঘোষণা করেনি এআইএফএফ। তবে ধারণা করা হচ্ছে, তুলনামূলকভাবে কম ব্যয়ের, অভিজ্ঞতা সম্পন্ন কোনো কোচকেই বেছে নেবে তারা।

মতামত দিন