খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

জাতীয় দলের দরজা এখনো খোলা, সাকিবের ফেরার ইঙ্গিত বিসিবি পরিচালকের।

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় দলের বাইরে থাকলেও সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি—এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু। শনিবার (১২ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা এখনো পুরোপুরি খোলা।

মিঠুর ভাষায়, “বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার জন্য কোনো বিকল্প চিন্তা নেই। দরজা সবসময়ই তার জন্য খোলা আছে। এখন সিদ্ধান্তটা নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টের হাতে।”

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাইরে থাকলেও সাকিব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে প্রমাণ করে চলেছেন। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়েছেন তিনি। ৩৭ বলে ৫৮ রানের পাশাপাশি মাত্র ১৩ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট, যার ফলে তার দল ২২ রানে জয় পায় সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে।

সাকিবের ভবিষ্যৎ নিয়ে বিসিবি পরিচালক আরও বলেন, “আগে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হতো আমি জানি না। তবে এখন নির্বাচকদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সাকিবের মতো ক্রিকেটারকে তারা অবশ্যই  গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।”

ক্রিকেট বিশ্লেষকদের মতে, দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা, এখনও কার্যকর অলরাউন্ড পারফরম্যান্স এবং  তার উপস্থিতির প্রভাব—সবকিছু মিলিয়ে সাকিবের জাতীয় দলে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র। আর  সেই প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন দেশের কোটি ক্রিকেটপ্রেমী।

মতামত দিন