নতুন ইতিহাসের খোঁজে মেসির ইন্টার মায়ামি।
পোর্তোর বিপক্ষে চমক দেখিয়ে বিশ্বমঞ্চে আলোড়ন তুললেও শেষ ষোলোতে পিএসজির কাছে হার মানে মায়ামি। তবে সেই অভিজ্ঞতা দলকে ঘরোয়া লিগে ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাস।
সম্প্রতি মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে জোড়া গোল করেন মেসি। বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থানে রয়েছে দলটি। যদিও শীর্ষে থাকা সিনসিনাতির সঙ্গে ব্যবধান ১০ পয়েন্টের, হাতে থাকা চারটি অতিরিক্ত ম্যাচ ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করছে।
২০২৪ মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড ঘরে তোলে মায়ামি, তবে মাশ্চেরানো বলছেন এবার তারা চায় সেই অর্জনের চেয়েও বড় কিছু। “হোম গ্রাউন্ডে প্লে-অফ খেলতে পারাটা হবে প্রথম ধাপ। এরপর চোখ থাকবে শিরোপার দিকে,” বলেন তিনি।
জুলাই মাসেই টানা ছয়টি ম্যাচ খেলবে মায়ামি। লিগস কাপের নতুন আসর সামনে থাকায় স্কোয়াড ব্যবস্থাপনায় বাড়তি মনোযোগ দিতে হচ্ছে। “আমি বড় রদবদল পছন্দ করি না,” মন্তব্য কোচের। “তাই প্রত্যেক খেলোয়াড়কে প্রস্তুত রাখতে হবে।”
তবে ফুটবল দুনিয়ার চোখ এখন আরও একটি আলোচনার দিকে—২০২৬ সাল পর্যন্ত মেসির চুক্তি নবায়ন হবে কি না! বর্তমানে তার চুক্তির মেয়াদ প্রায় শেষের পথে, ক্লাব চাইছে তিনি আরও অন্তত এক মৌসুম থাকুন দলে।
অতীতে অর্জন হয়েছে, এবার সামনে ভবিষ্যতের গল্প লেখার সুযোগ। মেসির নেতৃত্বে, মাশ্চেরানোর কৌশলে—ইন্টার মায়ামি কি পারবে এমএলএস কাপ জিতে নতুন অধ্যায়ের সূচনা করতে?

মতামত দিন