পিছিয়ে গেল ভারত-বাংলাদেশ সিরিজ।
অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো—পেছানো হলো ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ। দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনার পরই সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
প্রথমে নির্ধারিত ছিল, ১৭ আগস্ট থেকে শুরু হবে ভারতীয় দলের বাংলাদেশ সফর। কিন্তু নানা জটিলতা ও বোর্ড পর্যায়ের সমন্বয়হীনতায় সিরিজ আয়োজন সম্ভব হয়নি। নতুন করে ২০২৬ সালের সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের লক্ষ্যে উভয় বোর্ড সম্মত হয়েছে।
এই সিরিজ স্থগিত হওয়ায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রচার স্বত্ব থেকে প্রত্যাশিত আয়ের পরিমাণ ছিল প্রায় ১০০ কোটি টাকা। সিরিজ না হওয়ায় সেই রাজস্ব হারানোর আশঙ্কা এখন প্রকট।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়ায় দর্শক আগ্রহও কমছে। ভারতের মতো বড় দলের বিপক্ষে হোম সিরিজে নতুন করে সেই আগ্রহ ফিরিয়ে আনার সম্ভাবনা ছিল। সিরিজ পিছিয়ে যাওয়ায় দর্শক-আকর্ষণ এবং ব্র্যান্ড ভ্যালু উভয়ই ক্ষতির মুখে।
এর আগে যমুনা টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছিল, ভারতের বাংলাদেশ সফর পেছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। সেই গুঞ্জনই এবার বাস্তবে রূপ নিলো।
মতামত দিন