খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

নারী ফুটবল দলের ইতিহাস গড়া অর্জনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা।

নিজস্ব প্রতিবেদক:

২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধান  উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, “নারী ফুটবলারদের এই অসাধারণ অর্জন গোটা জাতিকে গর্বিত করেছে। এটা শুধু খেলাধুলার নয়, বরং বাংলাদেশি নারীর অদম্য সাহস, মেধা ও সক্ষমতার প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সম্ভাবনা যে কতটা বিস্তৃত, এই জয় তার একটি মাইলফলক।আমি বিশ্বাস করি, এ অর্জন নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে ও বাস্তবায়ন করতে আরও উৎসাহিত করবে।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং দেশের জন্য সম্মান ও সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে।

উল্লেখ্য,মিয়ানমার ও বাহরাইনের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলতে যাচ্ছে লাল-সবুজের মেয়েরা।

মতামত দিন