খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাঘিনীরা, মিয়ানমারকেও হারাল বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক:

এবার আর স্বপ্ন নয়, বাস্তবের খুব কাছাকাছি বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থেকেও যেভাবে ধারাবাহিক চমক দেখাচ্ছেন বাংলার বাঘিনীরা, তাতে তাদের সামনে এখন এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বের দরজা প্রায় খুলেই গেছে।

বুধবার (২ জুলাই) মিয়ানমারের ইয়াঙ্গুনে থুয়ান্না স্টেডিয়ামে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী দল। জাতীয় দলের হয়ে জোড়া গোল করে ম্যাচের নায়িকা হয়ে উঠেছেন ঋতুপর্ণা চাকমা।

প্রথম ম্যাচে বাহরাইনকে বিধ্বস্ত করার পর ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে হারানো—দুই ম্যাচেই দাপটের সঙ্গেই খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বাংলাদেশ, সেই সঙ্গে গোল ব্যবধানেও অনেকটা এগিয়ে।

ফলে গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে কেবল একটি ড্র করলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ। এমনকি হেরে গেলেও শেষ চারে ওঠার  সম্ভাবনা টিকে থাকবে, তবে সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে মিয়ানমার ও বাহরাইনের মধ্যকার শেষ ম্যাচের ফলাফলের দিকে।

ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ দল শুধু জয়ই পায়নি, বরং গোটা এশিয়ায় নিজেদের ফুটবল শক্তি হিসেবে জানান দিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, বাংলার মেয়েরা কি পারবে আরও এক ধাপ এগিয়ে ইতিহাস গড়তে?

মতামত দিন