খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

এবার মিয়ানমার চ্যালেঞ্জে বাংলাদেশ নারী ফুটবল দল।

নিজস্ব প্রতিবেদক:

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে লাল-সবুজের মেয়েরা।
এবার সামনে আরও কঠিন প্রতিপক্ষ—স্বাগতিক মিয়ানমার।

আগামীকাল (বুধবার) মিয়ানমারের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে থাকা দলটি টুর্নামেন্টে ফেভারিট হলেও বাংলাদেশ দল প্রস্তুত লড়াইয়ের জন্য।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জাতীয় দলের ফরোয়ার্ড স্বপ্না রানী বলেন, "মিয়ানমারের বিপক্ষেও আমাদের লক্ষ্য পরিষ্কার। সবাই মনোযোগ দিয়ে অনুশীলন করেছি। কোচের কৌশল অনুযায়ী খেলার চেষ্টা করব। ভালো ফলের প্রত্যাশা আছে।"

মিডফিল্ডার সুরভী আকন্দ প্রীতিও শোনালেন একই আশার কথা— "প্রতিটি খেলোয়াড়ই পরিশ্রম করছে। কোচ যেভাবে পরিকল্পনা সাজাচ্ছেন, আমরা সেটাকে বাস্তবে রূপ দিতে চাই। মাঠে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেব।"

উল্লেখ্য, এশিয়ান কাপের মূল পর্বে এখনো জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ নারী দল। তবে এবারের শুরুটা আশাব্যঞ্জক। তাদের প্রথম প্রতিপক্ষ বাহরাইন ছিল ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে। তবু ম্যাচে প্রতিপক্ষকে একতরফা আধিপত্যে চূর্ণ করেছে সাবিনা-স্বপ্নারা।

অন্যদিকে মিয়ানমারও প্রথম ম্যাচে দাপট দেখিয়ে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে।ফলে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার ম্যাচটি এখন গ্রুপ চ্যাম্পিয়নের নির্ধারক ম্যাচে পরিণত হয়েছে। জয় পেলে কেবল শীর্ষস্থানই নয়, শেষ ম্যাচে চাপমুক্তভাবে মাঠে নামার সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরা।

মতামত দিন