নেইমারকে বিশ্বকাপে দেখতে চান না ব্রাজিলের ৪১% মানুষ।
জরিপে অংশ নেন ১৬ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী মোট ২,০০৪ জন নাগরিক। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই নেইমারের চোটজনিত সমস্যা, মাঠের বাইরের বিতর্কিত আচরণ এবং সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের অবনতি এসব কারণ হিসেবে উল্লেখ করেছেন।
তবে এই নেতিবাচক মতের বিপরীতে এখনো ৪৮ শতাংশ ব্রাজিলিয়ান নেইমারকে জাতীয় দলে দেখতে চান। বাকিরা এ বিষয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছেন।
নেইমার বর্তমানে মাঠের বাইরে থাকলেও, ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। সামনে ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে সেপ্টেম্বরে, যেখানে তারা খেলবে চিলির বিপক্ষে ঘরের মাঠে এবং বলিভিয়ার বিপক্ষে প্রতিপক্ষের মাঠে। এই দুই ম্যাচে নেইমারকে স্কোয়াডে রাখা হবে কি না, তা নিয়েই এখন ফুটবলপ্রেমীদের কৌতূহল।
নেইমারের জন্য ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বমঞ্চ। তবে দেশের অভ্যন্তরেই যেভাবে তার ভবিষ্যৎ নিয়ে মতভেদ তৈরি হয়েছে, তা ব্রাজিল দলের জন্যও বড় এক সিদ্ধান্তমূলক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

মতামত দিন