খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

টেস্টে ৫০তম ম্যাচে লিটনের মাইলফলক,ছাড়িয়ে গেলেন রিয়াদকে।

নিজস্ব প্রতিবেদক:

ভারতের বিপক্ষে ২০১৫ সালের জুনে ফতুল্লায় টেস্ট অভিষেক হয়েছিল উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাসের। এক দশক পার না হতেই পা রাখলেন এক বিশেষ মাইলফলকে।
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে তিনি বাংলাদেশ দলের দশম ক্রিকেটার হিসেবে পূর্ণ করলেন ৫০টি টেস্ট ম্যাচ।

বুধবার (২৫ জুন) ম্যাচটির প্রথম ইনিংসে লিটন খেলেছেন ৫৬ বল, করেছেন ৩৪ রান। ইনিংসটি  সাজিয়েছেন ২টি চার ও ১টি ছক্কায়। এই ইনিংসের মধ্য দিয়ে টেস্টে তার মোট রান দাঁড়াল ২৯১৫, ফলে ছাড়িয়ে গেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

রিয়াদ ৫০টি টেস্টে করেছিলেন ২৯১৪ রান, যেখানে ছিল ৫টি সেঞ্চুরি ও ১৬টি ফিফটি। লিটন যদিও করেছেন ৪টি সেঞ্চুরি ও ১৮টি ফিফটির সাহায্যে ২৯১৫ রান।

এখন তার সামনে আরও একটি মাইলফলক। টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে রান সংগ্রহের তালিকায় পঞ্চম স্থানে থাকা হাবিবুল বাশার সুমনকে পেছনে ফেলতে লিটনের দরকার আর মাত্র ১১১ রান। বাশার ৫০টি টেস্টে করেছিলেন ৩০২৬ রান, যেখানে ছিল ৩টি সেঞ্চুরি ও ২৪টি ফিফটি।

একইসঙ্গে উইকেটের পেছনেও একটি বড় রেকর্ডের সামনে লিটন। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের হয়ে উইকেটরক্ষক হিসেবে মুশফিকুর রহিমের ১১৩ ডিসমিসালের রেকর্ড স্পর্শ করে ফেলেছেন তিনি। চলতি ম্যাচেই তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে লিটনের সামনে।

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডটি মুশফিকুর রহিমের দখলে। ৯৮টি টেস্ট খেলে তিনি করেছেন সর্বোচ্চ ৬৩০২ রান।

মতামত দিন