খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

রোনালদোর ক্লাব ছাড়লেন পিওলি ও তার কোচিং স্টাফ।

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের ক্লাব আল নাসরে এক মৌসুমও টিকলেন না স্টেফানো পিওলি। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে কোচের পদ ছাড়লেন এই ইতালিয়ান।
তার বিদায়ের মধ্য দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরে আরেক কোচ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

২০২৪-২৫ মৌসুমে পিওলির অধীনে প্রত্যাশা পূরণ করতে পারেনি আল নাসর। ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে তারা, যা চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের চেয়ে ১৩ পয়েন্ট কম। আগের মৌসুমে ক্যাস্ত্রোর অধীনে দলটি দ্বিতীয় হয়েছিল, এবার আরও এক ধাপ পিছিয়ে শেষ করেছে তৃতীয় স্থানে।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, “মি. পিওলি ও তার কোচিং স্টাফ সিনিয়র দলের দায়িত্বে আর থাকছেন না। তারা গত মৌসুমে যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।” পিওলিকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোও।

আগামী গন্তব্য হতে পারে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা। এর আগেও তিনি ক্লাবটির দায়িত্ব পালন করেছিলেন ২০১৭ সালে। পরে এসি মিলানে এসে ২০২২ সালে সিরি আ’ শিরোপা এনে দেন ক্লাবটিকে।

এদিকে আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে শিগগিরই, ঠিক সোমবার। নতুন করে চুক্তি নবায়ন হবে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় কেউই। যদিও বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্লাবটি পর্তুগিজ তারকাকে ধরে রাখার বিষয়ে আশাবাদী।

রোনালদোর আল নাসর অধ্যায় শুরু হয়েছিল ২০২৩ সালের শুরুতে। এরপর একে একে চারজন কোচের সঙ্গে কাজ করতে হয়েছে তাকে—রুডি গার্সিয়া, ডিনকো জেলিসিচ, লুইস ক্যাস্ত্রো এবং সর্বশেষ স্টেফানো পিওলি। নতুন কোচ কে হবেন, তা এখনও জানা না গেলেও, বড় প্রশ্ন হলো—রোনালদো আদৌ থাকবেন তো?

মতামত দিন